সোনা ও রুপোর দামে বিশাল পতন, কলকাতায় রুপো সস্তা ৩০০০ টাকা পর্যন্ত

বিশ্ববাজারে চরম অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার আবহেই বড়সড় পতন ঘটল সোনা ও রুপোর দামে। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লেনদেন শুরু হতেই হুড়মুড়িয়ে কমতে থাকে এই দুই মূল্যবান ধাতুর দর। সপ্তাহের প্রথম দিনেই বাজার খোলার সঙ্গে সঙ্গে রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ২,৮৪৪ টাকা এবং সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৮২ টাকা হ্রাস পেয়েছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান দামের কারণে বিনিয়োগকারীরা বর্তমানে সুরক্ষিত ধাতুর তুলনায় নগদের দিকে বেশি ঝুঁকছেন।
কলকাতার স্থানীয় বাজারেও এই পতনের প্রভাব স্পষ্ট। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৪৯,১৩ টাকা, যা আগের দিনের তুলনায় ১৮০ টাকা কম। অন্যদিকে, গহনা তৈরির উপযোগী ২২ ক্যারেট সোনার দাম ১৬৫ টাকা কমে প্রতি গ্রাম হয়েছে ১৩,৬৭০ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেট সোনার দামও ১৩৫ টাকা কমে ১১,১৮৫ টাকায় নেমেছে। রুপোর ক্ষেত্রেও চিত্রটা একই, কলকাতায় আজ প্রতি কেজি রুপোর দাম ২,৫০,০০০ টাকা ধার্য করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা সাধারণত সোনার দামকে ঊর্ধ্বমুখী করে, কিন্তু মুদ্রাস্ফীতির আশঙ্কায় এবার চিত্রটি ভিন্ন। সোনার দাম বর্তমানে তার সর্বকালের সর্বোচ্চ শিখর থেকে প্রায় ৫৪,৬৮৬ টাকা কম দামে বিকোচ্ছে। একইভাবে রুপোর দামও রেকর্ড দরের তুলনায় প্রায় ২.০৯ লক্ষ টাকা নিচে নেমে এসেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, ডলারের সূচক ঊর্ধ্বমুখী থাকায় আপাতত সোনা ও রুপোর দাম কিছুটা চাপের মুখে থাকবে।
বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারের গণ্ডি ছাড়ানোয় বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সতর্ক। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় অনেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ছেড়ে হাতে নগদ টাকা রাখাকেই শ্রেয় মনে করছেন। বিয়ের মরশুমে সোনার এই দাম হ্রাস সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এলেও, আগামী কয়েক দিনে বাজারের গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর রাখছেন বিশেষজ্ঞরা।