স্কুলের মাঠে খেলতে খেলতেই সব শেষ, চার মাসের ব্যবধানে একই পরিণতি ভাই-বোনের

রাজস্থানের গোটানে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করে লুটিয়ে পড়ে ৯ বছরের এক খুদে ছাত্রী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। মৃত ছাত্রীর পরিবার জানিয়েছে, ঠিক চার মাস আগে একইভাবে মৃত্যু হয়েছিল তার দাদারও। গত বছরের ৯ সেপ্টেম্বর বাড়িতে খেলার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে সে। পরে জানা যায়, হৃদরোগই কেড়ে নিয়েছে তার প্রাণ। একই পরিবারের দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, কম বয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড়েও দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার সময় মোহিত চৌধুরী নামে ১৪ বছরের এক কিশোর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়া লখনউ এবং লোধিনগরেও প্রায় একই ধরনের ঘটনা সামনে এসেছে, যেখানে খেলার ছলে থাকা অবস্থাতেই হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছে ৮ থেকে ৯ বছর বয়সি খুদেরা। চিকিৎসকরা এই ধরণের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।