স্কুল প্রাঙ্গণে চিতাবাঘের হানা: গাজিয়াবাদে আতঙ্ক, বাতিল সব ক্লাস

গাজিয়াবাদের গোবিন্দপুরম এলাকার গ্রিনফিল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে বুধবার সকালে একটি চিতাবাঘ ঢুকে পড়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। সকাল সাতটা নাগাদ স্কুলের নিরাপত্তারক্ষী প্রথম চিতাটিকে জি ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কবি নগর থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা।
নিরাপত্তার খাতিরে স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ সমস্ত ক্লাস বাতিল ঘোষণা করে। দীর্ঘক্ষণ স্কুলের প্রধান ফটক বন্ধ রাখা হয় এবং কোনো পড়ুয়াকে ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেওয়া হয়নি। বন দপ্তরের তল্লাশিতে চিতাবাঘটির সরাসরি দেখা না মিললেও, সিসিটিভি ফুটেজে সেটিকে একটি ঘরের ভেতর ঢুকতে দেখা গেছে।
অন্যদিকে, গুজরাটের জুনাগড়ে এক বিয়েবাড়ির আসরে একদল সিংহ ঢুকে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়। রাতের অন্ধকারে সিংহের দল তাঁবুর ভেতর ঘোরাঘুরি করলেও কারো ওপর হামলা করেনি। ভোজসভায় উপস্থিত নিমন্ত্রিতরা আতঙ্কিত হয়ে পড়লেও কিছুক্ষণ পর সিংহগুলো নিজে থেকেই পার্শ্ববর্তী জঙ্গলে ফিরে যায়। এই দুই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।