স্ক্রিন অ্যাওয়ার্ডসে ‘ধুরন্ধর’-এর জয়জয়কার: প্রশংসায় পঞ্চমুখ আদিত্য-ইয়ামি

বলিউডের স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর-২’ বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের মনেও জায়গা করে নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ছবিটি মোট ১৪টি বিভাগে পুরস্কার জিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। রণবীর সিং শ্রেষ্ঠ অভিনেতা এবং আদিত্য ধর শ্রেষ্ঠ পরিচালকের সম্মাননা পেয়েছেন। এছাড়া সম্পাদনা, অ্যাকশন ও আবহ সঙ্গীতসহ কারিগরি বিভাগেও ছবিটি সাফল্যের ছাপ রেখেছে।
এই ছবির সাফল্যের অন্যতম কারিগর তরুণ অভিনেত্রী সারা অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপথ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি একটি আবেগঘন পোস্ট দেন। সারার নিষ্ঠা ও পারফরম্যান্সে মুগ্ধ হয়ে অভিনেত্রী ইয়ামি গৌতম ধর তাকে ‘বর্তমান ও ভবিষ্যৎ’ বলে অভিহিত করেছেন। পরিচালক আদিত্য ধরও সারার অভিনয়ের গভীরতা ও সততার প্রশংসা করে তাকে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে বর্ণনা করেন।
অন্যদিকে, ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘হক’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইয়ামি গৌতম ধর। পাশাপাশি লিঙ্গ সংবেদনশীলতার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পেয়েছে ছবিটি। ‘ধুরন্ধর’ এবং ‘ছাভা’ যৌথভাবে সেরা পোশাকের পুরস্কার অর্জন করেছে। সব মিলিয়ে এবারের স্ক্রিন অ্যাওয়ার্ডস বলিউডের নতুন প্রতিভা এবং সৃজনশীলতার এক অনন্য উদযাপনে পরিণত হয়েছে।