স্ট্যাটাস দেখাতে গিয়ে নতুন গাড়ি কিনছেন? ওয়ারেন বাফেটের বলা এই ৫টি ভুল ভুলেও করবেন না

বিত্তবান হওয়ার স্বপ্ন কমবেশি সবারই থাকে, কিন্তু সেই লক্ষে পৌঁছাতে গেলে কিছু কঠোর নিয়ম মেনে চলা জরুরি। বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মতে, আর্থিক স্বাধীনতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায় আমাদের সাধারণ কিছু ভুল অভ্যাস। বিশেষ করে যারা সামাজিক মর্যাদা বা ‘স্ট্যাটাস’ বজায় রাখতে গিয়ে খরচ করেন, তাদের জন্য বাফেটের পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাফেটের মতে, ধনী হতে চাইলে পাঁচটি বিশেষ ভুল থেকে সবসময় দূরে থাকা উচিত।
প্রথমত, ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার আর্থিক সংকটের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই অকারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন, কিন্তু এর ওপর থাকা প্রায় ১৮ শতাংশ বা তার বেশি উচ্চহারে সুদ আপনার উপার্জনকে নিঃশেষ করে দেয়। বাফেট পরামর্শ দেন, সবার আগে উচ্চ সুদের ঋণ পরিশোধ করা উচিত। দ্বিতীয়ত, দ্রুত বড়লোক হওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে। রাতারাতি সম্পদ বৃদ্ধি সম্ভব নয়; বিনিয়োগের সুফল পেতে ধৈর্যের প্রয়োজন। একটি চারাগাছ যেমন বড় হতে সময় নেয়, টাকা বাড়তে দেওয়াকেও সেই সময়টুকু দিতে হবে।
তৃতীয় বড় ভুল হলো সাধ্যের বাইরে গিয়ে বিলাসবহুল বাড়ি কেনা। স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে বড় অঙ্কের ইএমআই-এর জালে জড়িয়ে পড়লে সঞ্চয় বা বিনিয়োগের পথ বন্ধ হয়ে যায়। বাফেটের মতে, বাড়ি থাকার জায়গা, দেখানোর বস্তু নয়। চতুর্থত, জুয়া বা লটারির মতো নেশা থেকে দূরে থাকা জরুরি। দ্রুত টাকা পাওয়ার নেশায় ছোট বিনিয়োগ দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত এটি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
পঞ্চম এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক মর্যাদার খাতিরে নতুন গাড়ি কেনা। মধ্যবিত্তরা প্রায়ই ঋণের বোঝা মাথায় নিয়ে দামী গাড়ি কেনেন। অথচ গাড়ি কেনার মুহূর্ত থেকেই তার বাজারমূল্য কমতে শুরু করে, অথচ বছরের পর বছর ইএমআই দিতে হয়। বাফেট নিজে দীর্ঘ সময় পুরনো গাড়ি ব্যবহার করেছেন। তাঁর মতে, কেবল লোকদেখানো আভিজাত্যের জন্য গাড়ি কেনা একটি ভুল আর্থিক সিদ্ধান্ত।
মূলত সঞ্চয় এবং বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগই সাফল্যের চাবিকাঠি। বাফেটের সূত্র মেনে আগে বিনিয়োগ এবং পরে খরচ করার অভ্যাস গড়তে পারলে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণ সহজ হয়। জীবনযাপনে আভিজাত্যের চেয়ে আর্থিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ।