স্ত্রীর সম্পত্তি ৩৫ কোটি টাকা আর হিমন্ত বিশ্বশর্মার কত? হলফনামায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্ত্রীর সম্পত্তি ৩৫ কোটি টাকা আর হিমন্ত বিশ্বশর্মার কত? হলফনামায় উঠে এল চমকপ্রদ তথ্য

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ফের নির্বাচনী ময়দানে। জলুকবাড়ি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের সম্পত্তির খতিয়ান প্রকাশ করেছেন তিনি। পেশ করা হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী রিণিকি ভুইঞাঁ শর্মার মিলিত সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।

বিস্ময়কর বিষয় হলো, মুখ্যমন্ত্রীর নিজস্ব সম্পদের তুলনায় তাঁর স্ত্রী রিণিকির সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। ২০২৬ সালের হলফনামা অনুযায়ী, হিমন্ত বিশ্বশর্মার মোট সম্পদের পরিমাণ ২.৩৬ কোটি টাকা, যা ২০২১ সালে ছিল ১.৭২ কোটি টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ২.২৮ লক্ষ টাকা এবং ব্যাংকে জমা প্রায় ৬৮ লক্ষ টাকা। তাঁর দেনার পরিমাণ ৯৫ লক্ষ টাকা।

অন্যদিকে, সফল উদ্যোক্তা এবং মিডিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রিণিকি ভুইঞাঁ শর্মার অস্থাবর সম্পত্তি ১৩.৫৪ কোটি এবং স্থাবর সম্পত্তি ১৯.২৫ কোটি টাকার। তাঁর মোট বিনিয়োগ রয়েছে ৫.১০ কোটি টাকা। তবে রিণিকির ঋণের বোঝাও নেহাত কম নয়, তাঁর ঋণের পরিমাণ প্রায় ১৫.৯১ কোটি টাকা।

আসাম বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ায় রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী ছাড়াও বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং অখিল গগৈ-সহ একাধিক হেভিওয়েট নেতা ইতিমদ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২৩ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ২৪ মার্চ চলবে স্ক্রুটিনি। ২৬ মার্চ পর্যন্ত প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *