স্থগিত শ্রীনগর-জম্মু বন্দে ভারত: অনিবার্য কারণে পিছিয়ে গেল রেলের বড় উদ্বোধন

জম্মু ও কাশ্মীরের দুই রাজধানীর মধ্যে বহু প্রতীক্ষিত সরাসরি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা আপাতত স্থগিত করল রেল বোর্ড। আগামী ১ মার্চ থেকে শ্রীনগর ও জম্মুর মধ্যে এই পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও ‘অনিবার্য কারণে’ তা পিছিয়ে দেওয়া হয়েছে। উত্তর রেলের উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল বন্ধ থাকবে।
কাশ্মীর উপত্যকার সঙ্গে জম্মুর সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কয়েক ঘণ্টা আগেই উত্তর রেল ঘটা করে এই পরিষেবা শুরুর ঘোষণা করেছিল। এমনকি যাত্রীদের প্রবল ভিড় সামলাতে বর্তমানের ৮ কোচের ট্রেনটিকে বাড়িয়ে ২০ কোচের করার পরিকল্পনাও নেওয়া হয়। তবে শেষ মুহূর্তে রেলের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষা আরও বাড়ল।
বর্তমানে কাটরা-শ্রীনগর রেল পরিষেবা উপত্যকার যাতায়াতের অন্যতম মাধ্যম হলেও সীমিত কোচ ও অতিরিক্ত যাত্রী চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রেল বিশেষজ্ঞদের মতে, এই পরিষেবাটি চালু হলে ভবিষ্যতে দিল্লি ও শ্রীনগরের মধ্যে সরাসরি রেল সংযোগের পথ আরও প্রশস্ত হবে। বর্তমানে যাত্রীদের কাটরার পর ট্রেন বদল করতে হয়, যা সরাসরি পরিষেবা চালুর মাধ্যমে নিরসন করার পরিকল্পনা রয়েছে।