স্পিকার অপসারণ ইস্যুতে উত্তপ্ত সংসদ, হুইপ জারি বিজেপি-কংগ্রেসের
March 7, 20268:31 am

সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অপসারণ প্রস্তাবের প্রেক্ষিতে বিজেপি ও কংগ্রেস—উভয় দলই তাদের সাংসদদের উপস্থিতির জন্য কড়া হুইপ জারি করেছে। বিজেপি ৯ ও ১০ মার্চ এবং কংগ্রেস ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত তিন লাইনের হুইপ জারি করে নিজ নিজ সাংসদদের সংসদে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
বিরোধী দলগুলোর আনা এই অপসারণ নোটিসে প্রায় ১১৮ জন সাংসদ স্বাক্ষর করলেও, তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়া থেকে নিজেদের দূরে রেখেছে। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আনা এই প্রস্তাবকে কেন্দ্র করে অধিবেশনের শুরুতেই উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক মহলের নজর এখন স্পিকার ইস্যুতে বিরোধীদের কৌশল এবং তৃণমূলের চূড়ান্ত অবস্থানের দিকে।