স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল

স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবে এবার সমর্থন জানানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। সোমবার থেকে শুরু হওয়া সংসদীয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং শিবসেনার (ইউবিটি) মতো দলগুলো স্পিকারের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট আচরণের’ অভিযোগ তুলে নোটিসে স্বাক্ষর করলেও, সেখানে তৃণমূলের কোনো সই ছিল না।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র পক্ষ থেকে যৌথ বিবৃতি দিলে তবেই তারা এই প্রক্রিয়ায় শামিল হবে। বিরোধীদের মূল অভিযোগ, বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাহুল গান্ধীসহ একাধিক বিরোধী সাংসদকে পর্যাপ্ত বলতে দেওয়া হয়নি এবং আটজন সাংসদকে একতরফাভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই অন্যায্য আচরণের প্রতিবাদেই বিরোধীরা একজোট হয়ে স্পিকারকে সরানোর দাবি তুলেছে।

সংসদীয় নিয়ম অনুযায়ী, স্পিকারকে অপসারণ করতে হলে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। যদিও বর্তমান গাণিতিক সমীকরণে এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবুও রাজনৈতিকভাবে বিজেপিকে চাপে রাখতে অনড় বিরোধীরা। সংবিধানের ৯৪(সি) অনুচ্ছেদ মেনে ১৪ দিন আগে দেওয়া এই নোটিসটি এখন আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রস্তাবটি বিবেচনাধীন থাকাকালীন সাধারণত স্পিকারের পরিবর্তে ডেপুটি স্পিকার বা রাষ্ট্রপতি মনোনীত কেউ অধিবেশন পরিচালনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *