স্বপন দাশগুপ্তের আয়ের উৎস কেবল লেখালেখি, কোটি টাকার সম্পত্তির মালিক এই বিজেপি প্রার্থী

২০২৬ বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন প্রখ্যাত সাংবাদিক স্বপন দাশগুপ্ত। হলফনামা অনুযায়ী, পদ্মভূষণ জয়ী এই প্রার্থীর আয়ের প্রধান উৎস লেখালেখি এবং পেনশন। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। উচ্চশিক্ষিত এই প্রার্থী ১৯৮০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
হলফনামা সূত্রে জানা গেছে, স্বপন দাশগুপ্তের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫৩ লক্ষ ৪৯ হাজার টাকা। এর মধ্যে তিনটি গাড়ি, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ছাড়াও রয়েছে মূল্যবান পেন্টিং, স্ট্যাম্প এবং প্রাচীন শিল্পবস্তু। তাঁর স্ত্রীর নামেও প্রায় ৫৪ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি ও ৫১ লক্ষ টাকার গয়না রয়েছে।
স্থাবর সম্পত্তি হিসেবে নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্কে স্বপন ও তাঁর স্ত্রীর যৌথ মালিকানায় ৫ কোটি টাকা মূল্যের একটি বাসভবন রয়েছে। দম্পতির কোনও কৃষি জমি বা পৈতৃক সম্পত্তি নেই। বিশেষ উল্লেখ্য যে, এই বিজেপি প্রার্থীর কোনো আর্থিক ঋণ নেই এবং তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১০ হাজার টাকা।