স্বস্তির খবর: হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে এলপিজি বোঝাই দুই জাহাজ

স্বস্তির খবর: হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে এলপিজি বোঝাই দুই জাহাজ

পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মাঝে ভারতের জন্য স্বস্তির বার্তা দিল কেন্দ্র। এলপিজি বোঝাই দুটি ভারতীয় জাহাজ, ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’, সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে দেশের পথে রওনা হয়েছে। আগামী ১৬ থেকে ১৭ মার্চের মধ্যে জাহাজ দুটি মুণ্ড্রা ও কান্ডলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরগুলোতে এই জাহাজগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জলপথ মন্ত্রক।

পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট করেছে যে দেশে রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার পূর্ণ ক্ষমতায় সচল আছে। সরবরাহ নিয়ে ছড়ানো গুজব উড়িয়ে দিয়ে যুগ্ম সচিব সুজাতা শর্মা আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং না করার আবেদন জানিয়েছেন। সাধারণ মানুষের প্যানিক বুকিং রুখতে সরকার নতুন নিয়ম জারি করেছে, যেখানে শহরে ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিনের ব্যবধানে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে।

গ্যাস মজুতকরণ ও কালোবাজারি রুখতে ইতিমধ্যে উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি, বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহও সচল রাখা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রেখে ভারত সরকার ইরান ও আমেরিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। উল্লেখ্য, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এ পর্যন্ত ১ লক্ষ ৭২ হাজার ভারতীয় নাগরিক ও ২৫৩ জন নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *