স্বামীর মৃত্যুর পর শ্বশুরের সম্পত্তিতে বিধবা স্ত্রীর অধিকার নজিরবিহীন রায় এলাহাবাদ হাইকোর্টের

স্বামীর মৃত্যুর পর শ্বশুরের সম্পত্তিতে বিধবা স্ত্রীর অধিকার নজিরবিহীন রায় এলাহাবাদ হাইকোর্টের

এলাহাবাদ হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়েছে যে, স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী কেবল মৃত স্বামীর সম্পত্তি থেকেই নয়, প্রয়োজনে শ্বশুরের কাছ থেকেও খোরপোশ বা ভরণপোষণ দাবি করার আইনগত অধিকার রাখেন। বিচারপতি অরিন্দম সিনহা ও বিচারপতি সত্য বীর সিংয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে যে, স্ত্রীর ভরণপোষণের প্রাথমিক দায়িত্ব স্বামীর হলেও, তাঁর অবর্তমানে এই দায়বদ্ধতা পরিবার থেকে মুছে যায় না। পারিবারিক আদালতের দেওয়া খোরপোশের নির্দেশ বহাল রেখে উচ্চ আদালত এই সিদ্ধান্ত জানায়।

মামলাটি দায়ের করেছিলেন অকুল রাস্তোগী নামে এক ব্যক্তি, যিনি রামপুর পারিবারিক আদালতের খোরপোশ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন। আবেদনকারীর দাবি ছিল, তাঁর স্ত্রী কর্মরতা হওয়া সত্ত্বেও নিজেকে গৃহিণী পরিচয় দিয়ে আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তাঁর ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট রয়েছে। তবে আদালত এই যুক্তি খারিজ করে দিয়ে জানায়, বাবার দেওয়া সঞ্চয় বা আমানত খোরপোশ না দেওয়ার কারণ হতে পারে না। বিয়ের পর মেয়ের ভরণপোষণের দায়িত্ব বাবার থাকে না।

আদালত পর্যবেক্ষণে জানায়, তথ্য গোপন করা আর মিথ্যা বিবৃতি দেওয়া এক বিষয় নয়। মৃত স্বামীর সম্পত্তি যদি বিধবা স্ত্রীর ভরণপোষণের জন্য পর্যাপ্ত না হয়, তবে তিনি আইনত তাঁর শ্বশুরের কাছে খোরপোশ চাইতে পারেন। শেষ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট ব্যক্তির আবেদনটি খারিজ করে দেয় এবং মহিলার অধিকারকে স্বীকৃতি দিয়ে নিম্ন আদালতের আদেশই বহাল রাখে। আদালতের এই রায় বিধবা নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *