স্মার্টফোনের নেশায় ঘরবন্দি খুদে, সন্তানকে উদ্ধারে দেওয়াল ভাঙলেন বাবা-মা

স্মার্টফোনের নেশায় ঘরবন্দি খুদে, সন্তানকে উদ্ধারে দেওয়াল ভাঙলেন বাবা-মা

মোবাইল ফোনের প্রতি আসক্তি কাটাতে বাবা-মায়ের কড়া শাসন থেকে বাঁচতে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলল এক খুদে। ঘটনাটি সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জানা গিয়েছে, বাবা-মা তাকে ফোন ব্যবহার করতে বাধা দেওয়ায় সে লুকিয়ে ফোন নিয়ে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না মেলায় চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা।

বিপদের আশঙ্কায় ওই দম্পতি শেষ পর্যন্ত হাতুড়ি দিয়ে ঘরের দেওয়াল ভাঙতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, দেওয়ালের একাংশ ভেঙে বাবা-মা তাঁদের সন্তানকে বারবার দরজা খোলার অনুরোধ করছেন। কিন্তু সেই খুদে সব কিছু উপেক্ষা করে খাটের ওপর বসে একমনে মোবাইল ফোন ঘাঁটতে ব্যস্ত। এই দৃশ্য দেখে নেটাগরিকদের অনেকেই স্তম্ভিত হয়ে পড়েছেন।

ঘটনাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানা না গেলেও, শিশুদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল আসক্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সমাজমাধ্যমে অনেক ব্যবহারকারী বাবা-মায়ের এই চরম পদক্ষেপের সমালোচনাও করেছেন। তাঁদের মতে, দেওয়াল না ভেঙে বিকল্প উপায়ে দরজা খোলার চেষ্টা করা যেত। তবে আধুনিক সময়ে প্রযুক্তির অপব্যবহার যে পারিবারিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *