স্মার্টফোন দুনিয়ায় ফিরছে অ্যামাজন, অ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিতে জেফ বেজোসের তুরুপের তাস কি এই ‘ট্রান্সফরমার’

২০১৪ সালের সেই ভয়াবহ ফ্লপ ভুলে এবার সম্পূর্ণ নতুন রূপে স্মার্টফোন বাজারে আনছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। দীর্ঘ বিরতির পর ‘ট্রান্সফরমার’ প্রজেক্টের অধীনে অত্যন্ত গোপনে তৈরি হচ্ছে এই নতুন ডিভাইস, যা সরাসরি চ্যালেঞ্জ জানাবে অ্যাপল ও স্যামসাংয়ের মতো নামী ব্র্যান্ডগুলোকে।
অ্যামাজনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই নতুন স্মার্টফোনটি মূলত একটি ‘পার্সোনালাইজেশন ডিভাইস’ হিসেবে কাজ করবে, যা ব্যবহারকারীর ঘরের অ্যালেক্সা (Alexa) সিস্টেমের সঙ্গে পুরোপুরি সিঙ্ক বা যুক্ত থাকবে। জেফ বেজোসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এমন একটি ফোন তৈরি করা যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেবে এবং প্রাইম মেম্বারশিপের মাধ্যমে অবিশ্বাস্য ডিসকাউন্ট ও শিপিং সুবিধা নিশ্চিত করবে।
বিশেষজ্ঞদের মতে, এই ফোনের মাধ্যমে অ্যামাজন ব্যবহারকারীদের শপিং হিস্ট্রি এবং পছন্দ-অপছন্দের বিশাল ডেটা সংগ্রহ করার পরিকল্পনা করছে, যা কেবল একটি মোবাইল ডিভাইসের মাধ্যমেই সম্ভব। যদিও প্রজেক্টের বাজেট বা ফোনের সম্ভাব্য দাম সম্পর্কে এখনও মুখ খোলেনি সংস্থাটি, তবে ‘ট্রান্সফরমার’ নামটি প্রযুক্তি বিশ্বে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। তবে অ্যামাজন সতর্ক করে জানিয়েছে, কৌশলগত বা আর্থিক কারণে যেকোনো সময় এই প্রজেক্টের গতিপথ পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে স্মার্টফোন বাজারে অ্যামাজনের এই প্রত্যাবর্তন আইফোন বা গ্যালাক্সি সিরিজের আধিপত্য কমাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।