স্মার্ট মিটার আর বিদ্যুৎ বিলের প্রতিবাদে উত্তাল পূর্ব মেদিনীপুর দেউলিয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্মার্ট মিটার আর বিদ্যুৎ বিলের প্রতিবাদে উত্তাল পূর্ব মেদিনীপুর দেউলিয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর: বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২৫-এর প্রতিবাদ এবং স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলো বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন। সোমবার অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাকে সাড়া দিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন বা অ্যাবেকা।

এদিন সকালে পূর্ব মেদিনীপুরের দেউলিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে প্রতীকী পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১৫ মিনিটের এই অবরোধের জেরে কলকাতা ও খড়গপুরগামী লেনে বহু যানবাহন আটকে পড়ে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ আইন সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান। এর আগে দেউলিয়া বাজার এলাকায় একটি মিছিলও করা হয়।

বিক্ষোভ সভায় সংগঠনের জেলা অফিস সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করেন, বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ এবং স্মার্ট মিটার চালুর মাধ্যমে সাধারণ গ্রাহকদের ওপর আর্থিক বোঝা চাপানোর চক্রান্ত চলছে। তিনি জানান, গ্রাহক আন্দোলনের চাপে বর্তমানে স্মার্ট মিটার বসানোর কাজ স্থগিত থাকলেও ভবিষ্যতে তা আবার শুরু হতে পারে। এই আশঙ্কায় গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গড়ার ডাক দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শঙ্কর মালাকার এবং জেলা সহ-সভাপতি সুব্রত দাস।

একই দাবিতে এদিন জেলা সদর তমলুকেও বিক্ষোভ দেখানো হয়। সেখানে বিদ্যুৎ ভবনের সামনে রিজিওনাল ম্যানেজারের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তমলুকের হাসপাতাল মোড়ে বিদ্যুৎ বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান মোহসিন আলি খান, প্রণব মাইতি ও শঙ্কর মালাকার সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *