হরমুজের আকাশে ধ্বংস মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বড় দাবি করল ইরান

ইরান ও আমেরিকার চলমান যুদ্ধে এবার চাঞ্চল্যকর মোড় এল। তেহরানের দাবি অনুযায়ী, ইরানের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে হরমুজ দ্বীপের কাছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রবিবার রাতে মুম্বইয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই খবরের সত্যতা নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও পেন্টাগন বরাবরের মতোই ইরানের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এর আগেও এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে দুই দেশের মধ্যে এই ধরনের পাল্টাপাল্টি দাবির সৃষ্টি হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ইরানের একাধিক অঞ্চলে যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিগুলোতে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইতিমধ্য়েই এই যুদ্ধে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হচ্ছে। ভারতসহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।