হরমুজ ও লোহিত সাগরে যুদ্ধের ছায়া: বিশ্বজুড়ে চরম ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা

হরমুজ ও লোহিত সাগরে যুদ্ধের ছায়া: বিশ্বজুড়ে চরম ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে ভয়াবহ তথ্য বা ‘ডেটা’ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ইতিমধ্য়েই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এবং সমুদ্রে মাইন পেতে রেখেছে। ফলে জ্বালানি সংকটের পাশাপাশি এখন সমুদ্রের তলদেশ দিয়ে বিস্তৃত ফাইবার-অপ্টিক ক্যাবল নেটওয়ার্ক বা সাবমেরিন ক্যাবলগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই পথ দিয়েই মূলত এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সিংহভাগ ইন্টারনেট ট্রাফিক ও ব্যাঙ্কিং লেনদেন পরিচালিত হয়।

লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে বর্তমানে অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সাব-সি ক্যাবল সক্রিয় রয়েছে, যার মধ্যে টাটা-টিজিএন (Tata-TGN) সরাসরি ভারতের আন্তর্জাতিক ডেটা সংযোগ রক্ষা করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যুদ্ধের কারণে এই সংকীর্ণ সমুদ্রপথগুলো অবরুদ্ধ হলে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থায় ধস নামতে পারে। বিশেষ করে অগভীর জলে অবস্থিত এই তারগুলো ক্ষতিগ্রস্ত হলে ভিডিও কল, ই-মেইল থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক সমস্ত পরিষেবা অচল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সমুদ্রের তলদেশে মাইন ও সামরিক অভিযানের কারণে মেরামতকারী জাহাজগুলোর প্রবেশাধিকার রুদ্ধ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, একই সাথে দুটি প্রধান সামুদ্রিক সংযোগ পথ ক্ষতিগ্রস্ত হওয়া বিশ্ব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার জন্য নজিরবিহীন বিপর্যয় ডেকে আনবে। আপাতত পরিষেবা সচল থাকলেও, ক্রমাগত হামলা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে ডিজিটাল দুনিয়ার এই ‘ধমনী’গুলো এখন ইতিহাসের সর্বোচ্চ ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *