হরমুজ প্রণালীতে গুজরাতগামী জাহাজে আকাশপথে হামলা, উদ্ধার ২০

ওমান উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল দূরে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহি থেকে গুজরাতের কান্ডলাগামী একটি বাণিজ্যিক জাহাজে আকাশপথে হামলা চালানো হয়েছে। ‘ময়ূরী নারী’ নামক তাইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটিতে হামলার পর আগুন ধরে গেলে ওমানের নৌসেনা দ্রুত উদ্ধারকার্য শুরু করে। ৩০ হাজার টন ওজনের এই জাহাজটি মাঝ-সমুদ্রে থমকে যায় এবং ওমানি বাহিনীর তৎপরতায় ২০ জন কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, জাহাজের ভেতরে এখনও তিনজন আটকে রয়েছেন এবং তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জাহাজটি থাইল্যান্ডের ‘প্রিসিয়াস শিপিং’ সংস্থার মালিকানাধীন। হামলার প্রকৃত উৎস এবং কারণ অনুসন্ধানে কাজ করছে ব্রিটিশ সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে ভারতের ২৮টি জাহাজ ও ৭৭৮ জন কর্মী বর্তমানে সেখানে আটকা পড়েছেন বলে জানা গিয়েছে।
ভারত সরকার এই সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পশ্চিম এশিয়া থেকে ভারতের খনিজ তেল ও গ্যাসের আমদানিতে এই অস্থিরতা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। জাহাজ মন্ত্রক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ভারতীয় কর্মীদের সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও দূতাবাসের সঙ্গে নিরন্তর যোগাযোগ বজায় রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমুদ্রপথে নিরাপত্তা বিঘ্নিত করার এই প্রবণতা রুখতে কড়া পদক্ষেপের কথা ভাবছে।