হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার মাঝে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক জয়শঙ্করের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ঘনীভূত হওয়ায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনে জরুরি আলোচনা সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার বর্তমান রণকৌশল এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই ফোনালাপের মূল উদ্দেশ্য। মার্কিন ও ইজরায়েলি হামলার আবহে পারস্য উপসাগরে তৈরি হওয়া অস্থিরতা নিয়ে দুই দেশের মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠকে হরমুজে আটকে থাকা ভারতীয় জাহাজগুলি উদ্ধারে নৌসেনা ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ইরানের তরফ থেকে সাম্প্রতিক হামলায় ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরার পাশাপাশি ভারতকে পরিস্থিতির গুরুত্ব জানানো হয়েছে। সংকটের এই মুহূর্তে দিল্লি ও তেহরান নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।