হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজে ‘টোল’ বসানোর তোড়জোড় ইরানের, বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা

জাতীয় সড়কের আদলে এবার সমুদ্রপথেও ‘টোল ট্যাক্স’ আদায়ের পরিকল্পনা করছে ইরান। বৃহস্পতিবার দেশটির এক সাংসদ জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিদেশি পণ্যবাহী জাহাজগুলোর ওপর কর বসানোর তোড়জোড় শুরু করেছে তেহরান। বিশ্বের মোট তেল ও গ্যাসের ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও পণ্যমূল্য নিয়ে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের সংসদে এই সংক্রান্ত একটি বিল পেশের প্রস্তুতি চলছে। সেখানে বলা হয়েছে, খাদ্য, তেল বা অন্য কোনো পণ্যবাহী জাহাজ এই প্রণালী ব্যবহার করলে নির্দিষ্ট হারে শুল্ক দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টাও হুঁশিয়ারি দিয়েছেন যে, যুদ্ধপরবর্তী সময়ে এই জলপথে ‘নতুন শাসন’ কায়েম করা হবে। মূলত ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর জাহাজ চলাচলে রাশ টানতেই তেহরান এই পাল্টা কৌশল গ্রহণ করছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। তবে ভারতের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, রান্নার গ্যাস বোঝাই দুটি জাহাজ নিরাপদে গুজরাট বন্দরে পৌঁছেছে। যদিও হরমুজ প্রণালীতে এখনো ৬১১ জন ভারতীয় নাবিক আটকে রয়েছেন, যাদের ফিরিয়ে আনতে তৎপরতা চালাচ্ছে দিল্লি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়িয়ে বেইরুটে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল, যার ফলে বিশ্ব রাজনীতিতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।