হরমুজ প্রণালীর বাধা কাটিয়ে গুজরাটে এলপিজি জাহাজ নন্দাদেবী, কাটছে জ্বালানি সংকট

হরমুজ প্রণালীর বাধা কাটিয়ে গুজরাটে এলপিজি জাহাজ নন্দাদেবী, কাটছে জ্বালানি সংকট

যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীর সংকট কাটিয়ে অবশেষে ৪৭ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাটের ভাদিনার বন্দরে ভিড়েছে ভারতীয় জাহাজ ‘নন্দাদেবী’। মঙ্গলবার সকালে জাহাজটি বন্দরে পৌঁছানোর ফলে দেশে জ্বালানি গ্যাসের ঘাটতি মেটানোর পথে বড় সাফল্য এল। এর আগে সোমবার ‘শিবালিক’ নামক অপর একটি জাহাজও নিরাপদে ফিরেছে। এই দুই জাহাজ মিলিয়ে মোট ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি ভারতে আসাকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, নন্দাদেবী থেকে প্রাপ্ত জ্বালানির মধ্যে প্রায় ২৪ হাজার মেট্রিক টন তামিলনাড়ুতে পাঠানো হতে পারে। গত ১৩ মার্চ যাত্রা শুরু করে ১৪ মার্চ ভোরে জাহাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে। বর্তমানে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই আমদানিকৃত গ্যাস বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

তবে যুদ্ধের জেরে উদ্ভূত পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বর্তমানে হরমুজ প্রণালীতে ৬১১ জন নাবিক-সহ মোট ২২টি ভারতীয় পতাকাধারী জাহাজ আটকে রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহীতে ৮০,৮০০ টন জ্বালানি তেল-সহ একটি জাহাজ আটকা পড়ে থাকলেও সেখানে থাকা ২২ জন ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রক। সরকার আটকে পড়া বাকি জাহাজ ও কর্মীদের ফিরিয়ে আনতে তৎপরতা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *