হরমুজ প্রণালী খুলে দিল ইরান: স্বস্তিতে ভারত, কাটতে পারে জ্বালানি সংকট

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে ভারতের জন্য অবরোধ তুলে নিল ইরান। আমেরিকা ও ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান এই পথ অবরুদ্ধ করলেও, ভারতসহ পাঁচটি বন্ধু রাষ্ট্রের জন্য তা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানান, রাশিয়া, চীন, ইরাক ও পাকিস্তানের পাশাপাশি ভারতের জাহাজগুলো এখন থেকে নিরাপদে এই জলপথ ব্যবহার করতে পারবে। তবে শত্রু দেশ ও তাদের সহযোগীদের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকছে।
ভারতের আমদানিকৃত মোট জ্বালানির প্রায় ৬০ শতাংশ এই রুট দিয়েই আসে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং পেট্রোল পাম্পে জ্বালানি সংকট দেখা দিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর রান্নার গ্যাস পাওয়া এবং ক্রমবর্ধমান দাম নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। ইরানের এই নতুন সিদ্ধান্তের ফলে জ্বালানি সরবরাহে দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। নয়াদিল্লির কয়েক সপ্তাহের কূটনৈতিক প্রচেষ্টাকেই এই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছে বিদেশ মন্ত্রক।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করেই তারা এই কৌশলগত জয় হাসিল করেছে। তেহরানের দাবি, বহু দেশ এখন সুরক্ষিত যাতায়াতের জন্য তাদের সাথে যোগাযোগ করছে। যদিও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পুরোপুরি থামেনি এবং আমেরিকার সাথে সরাসরি কোনো আলোচনা চলছে না, তবুও ভারতের জন্য এই পথ খুলে যাওয়াকে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এবার হয়তো জ্বালানি তেলের আকাল মিটবে এবং নিত্যপ্রয়োজনীয় গ্যাসের দামও স্বাভাবিক হবে।