হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার আবহে ব্রিটেনর জরুরি বৈঠক আমন্ত্রিত ভারত

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার আবহে ব্রিটেনর জরুরি বৈঠক আমন্ত্রিত ভারত

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক সংকট নিরসনে বড়সড় কূটনৈতিক পদক্ষেপ নিল ব্রিটেন। যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে ভারতসহ বিশ্বের প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিদের নিয়ে লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ওয়াশিংটনের সামরিক আহ্বানে সরাসরি সাড়া না দিয়ে ব্রিটেনের এই বহুপাক্ষিক আলোচনার উদ্যোগকে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হরমুজ প্রণালী ইস্যুতে আয়োজিত এই বৈঠকে যোগ দিতে দেশের বিদেশ সচিব ইতিমধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের প্রধান লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে পণ্যবাহী ভারতীয় জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা। নয়াদিল্লি স্পষ্ট করেছে যে তারা ইরানসহ পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। সফল কূটনৈতিক আলোচনার ফলে ইতিমধ্যে অন্তত ছ’টি ভারতীয় জাহাজ নিরাপদে ওই এলাকা অতিক্রম করতে পেরেছে।

গত ২ মার্চ থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড়সড় বিপর্যয় নেমে এসেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণের এই পথ বন্ধ থাকায় কুয়েত ও ইরাকের মতো দেশগুলি তেল উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আশঙ্কা, দ্রুত এই সমস্যার সমাধান না হলে এপ্রিল মাসেই বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া বার্তার পর ব্রিটেনের এই তৎপরতা ও সেখানে ভারতের সক্রিয় অংশগ্রহণ বিশ্ব কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভারত শুরু থেকেই সব পক্ষের মধ্যে সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *