হরমুজ প্রণালী ঘিরে ঘনীভূত যুদ্ধমেঘ, ইরানের তেল করিডোর দখলে ট্রাম্পের রণকৌশল

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে বন্ধ হয়ে যাওয়া বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে সরাসরি কোনো সামরিক পদক্ষেপের কথা অস্বীকার করলেও, উপগ্রহ চিত্র ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থানরত ২২০০ সেনাসহ মার্কিন রণতরী ‘ইউএসএস ট্রিপলি’ আগামী সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের এই জীবনরেখাটি পুনরায় সচল করতে আমেরিকা মরিয়া। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এই পথ বন্ধ করে ট্রানজিট ফি হিসেবে ১৮ কোটি টাকা দাবি করেছে। যদিও ভারতের অনুরোধে সীমিত কিছু ট্যাঙ্কার যাতায়াত করতে পারছে, তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাম্প বন্ধু দেশগুলোর ওপর চাপ সৃষ্টির পাশাপাশি সামরিক হস্তক্ষেপের গোপন ছক কষছেন বলে রয়টার্স সূত্রে খবর।

মার্কিন নৌসেনার সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইরানের দক্ষিণ উপকূলীয় দ্বীপসমূহ, বিশেষ করে তেলের ‘মুকুটের মণি’ খ্যাত খার্গ আইল্যান্ড। গত ১৩ মার্চ এই দ্বীপে মার্কিন বোমা বর্ষণ হলেও পরিকাঠামোগত ক্ষতি হয়নি, তবে এবার সরাসরি দ্বীপটি দখলের চেষ্টা চলতে পারে বলে অনুমান করা হচ্ছে। ট্রাম্প এই অভিযান নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখলেও, মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি এক ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *