হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

৪৮ ঘণ্টার মধ্যে ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে সচল না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট জানান, তেহরান নির্দেশ না মানলে তাদের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে একে একে সমস্ত কেন্দ্র নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। তবে এই কড়া বার্তার পর ইরান প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ বন্ধের মাধ্যমে চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও অবশ্য ভারতকে আলাদাভাবে হরমুজ ব্যবহারে বিশেষ ছাড়পত্র দিয়েছে তেহরান।

রবিবার ২৩ দিনে পা দেওয়া এই যুদ্ধে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আমেরিকার ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ৬টি কেসি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ইজরায়েলের হাইফা তেল শোধনাগারসহ মধ্যপ্রাচ্যের একাধিক জ্বালানি ভাণ্ডারে আঘাত হেনেছে ইরান। এই সংকটময় মুহূর্তে হরমুজ প্রণালীকে মুক্ত করতে সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেছে ওয়াশিংটন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *