হরমুজ প্রণালী সংকট আলোচনার টেবিলে ভারতসহ ৩৫ দেশ, কড়া নজর দিল্লির

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালীতে অচলাবস্থা নিরসনে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতসহ বিশ্বের প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমেই আন্তর্জাতিক এই জলপথের সংকট কাটাতে চাইছে লন্ডন, যেখানে সরাসরি অংশ না নিয়ে আলোচনার পথকেই বেছে নিয়েছে তারা।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে ভারতের বিদেশ সচিব ইতিমধ্য়েই রওনা হয়েছেন। ভারতের প্রধান লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। বিশেষ করে এলপিজি ও এলএনজি বহনকারী ভারতীয় জাহাজগুলোর নিরাপত্তা বজায় রাখতে ইরানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দিল্লি। কূটনৈতিক প্রচেষ্টায় ইতিমধ্য়েই ভারতের ছয়টি জাহাজ নিরাপদে ওই এলাকা পার হয়েছে।
গত ২ মার্চ থেকে ইরানের হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড়সড় ধাক্কা লেগেছে। বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহণের এই পথ রুদ্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে তীব্র সংকটের আশঙ্কা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মুখে ব্রিটেন এই বহুপাক্ষিক বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় ভারত সব পক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পথেই গুরুত্ব দিচ্ছে।