হরমুজ সংকটে ভারতের বিকল্প কৌশল, ৪০টি দেশ থেকে তেল আমদানির সিদ্ধান্ত

হরমুজ সংকটে ভারতের বিকল্প কৌশল, ৪০টি দেশ থেকে তেল আমদানির সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। ইরান ও আমেরিকার সংঘাতের প্রভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত আমদানির উৎস বাড়িয়েছে। আগে ২৭টি দেশ থেকে তেল সংগ্রহ করলেও, বর্তমানে ভেনেজুয়েলাসহ প্রায় ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল ও জ্বালানি আমদানির কৌশল নিয়েছে কেন্দ্র।

সরকারি সূত্র অনুসারে, বর্তমানে ভারতের মোট আমদানিকৃত তেলের প্রায় ৬০ শতাংশ আসছে নতুন এবং বিকল্প রুটগুলো দিয়ে। রাশিয়া এখনও ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ হিসেবে বজায় রয়েছে, যেখান থেকে মাসিক প্রায় ১.০৪ মিলিয়ন ব্যারেল তেল কেনা হচ্ছে। তবে নতুন রুটে পরিবহণ ও বিমা খরচ বাড়ায় জ্বালানি আমদানির ব্যয় কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও সরবরাহ সচল রাখতে নাইজেরিয়া, কানাডা ও আমেরিকার মতো দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নয়াদিল্লি।

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত বর্তমানে ৭৪ দিনের সমপরিমাণ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য মজুত রেখেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও এই মজুত ভাণ্ডার আপদকালীন পরিস্থিতিতে সুরক্ষা প্রদান করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা হরমুজ প্রণালীতে স্বাভাবিক চলাচল বজায় রাখার বিষয়ে হুঁশিয়ারি দিলেও, ভারত তার নিজস্ব এনার্জি নিরাপত্তা বলয় শক্তিশালী করতে বহুমুখী আমদানিনীতির ওপর জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *