হরিয়ানায় ফের ব্যাংক জালিয়াতি: পঞ্চকুলা পুরসভার ১৬০ কোটি টাকা গায়েব

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের পর এবার কোটাক মহিন্দ্রা ব্যাংক। হরিয়ানায় এক মাসের ব্যবধানে ফের বড়সড় আর্থিক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এল। পঞ্চকুলা পুরসভার একাধিক ফিক্সড ডিপোজিট (এফডি) থেকে প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জালিয়াতি ঢাকতে ব্যাংক কর্তৃপক্ষকে ভুয়ো স্টেটমেন্ট দেওয়া হয়েছিল।
পুরসভার ৫৮ কোটি টাকার একটি এফডি-র মেয়াদ শেষ হওয়ার পর আসল ঘটনাটি সামনে আসে। আমানতের টাকা অ্যাকাউন্টে না আসায় দেখা যায়, সংশ্লিষ্ট সবকটি ফিক্সড ডিপোজিটই ছিল ভুয়ো। প্রশাসনের সন্দেহ, এই বিপুল অঙ্কের টাকা তছরুপের পিছনে ব্যাংক কর্মীদের পাশাপাশি পুরসভার আধিকারিকদের যোগসাজশ থাকতে পারে। ঘটনায় ইতিমধ্যেই হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুরসভা কমিশনার বিনয় কুমার জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, কোটাক মহিন্দ্রা ব্যাংক কর্তৃপক্ষও তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের চণ্ডীগড় শাখা থেকে হরিয়ানা সরকারের ৫৯০ কোটি টাকা গায়েব হওয়ার ঘটনা ঘটেছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছিল।