হাওড়ায় প্রোমোটার খুন: জনবহুল রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুটআউট

বুধবার ভোরে উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। পিলখানার বাসিন্দা পেশায় প্রোমোটার শফিক খানকে (৩৫) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই হাড়হিম করা শ্যুটআউটের দৃশ্য দেখে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে দুই যুবক শফিকের পথ আটকে কথা বলার মাঝেই আচমকা তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেপে। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়লে আরও কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের মহম্মদ হারুন ও রোহিত নামে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতা বা ব্যক্তিগত বিবাদের জেরে এই পরিকল্পিত খুন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। প্রকাশ্য রাস্তায় এই ধরণের ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।