হাজরা মোড়ে রণক্ষেত্র পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি

কলকাতার হাজরা মোড় ও আলিপুর সার্ভে বিল্ডিং চত্বরে বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তাঁর সমর্থকদের নিয়ে আলিপুরে মনোনয়ন পেশ করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। নিরাপত্তার অজুহাতে তাঁদের পথ আটকানো হলে পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং পুলিশের সাথে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।
বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনায় হাজরা মোড় সংলগ্ন এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় এবং বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হয়। বিজেপি কর্মীরা পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এলাকায় দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে।
এদিকে রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠলেও প্রশাসনিক ও আইনি জটিলতা অব্যাহত। আজই প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি এবং আসাম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। ভোট শুরু হতে মাত্র ১৬ দিন বাকি থাকলেও এখনও বহু প্রার্থীর নাম বিবেচনাধীন রয়েছে, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।