হাড়োয়ায় মাটি মাফিয়াদের দাপট: অতিষ্ঠ জনতা ডাম্পার আটকে বিক্ষোভে শামিল

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এলাকা। রবিবার সকালে নজরনগর এলাকার হাড়োয়া-রাধানগর রোডে মাটি বোঝাই একাধিক ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাতের অন্ধকারে গ্রামীণ সরু রাস্তা দিয়ে বেপরোয়াভাবে ভারী ডাম্পার চলাচলের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাফিয়াদের দাপটে সাধারণ মানুষের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।
বিক্ষোভকারীদের দাবি, বেআইনিভাবে মাটি পরিবহণের ফলে গ্রামের পাকা রাস্তা ও নিকাশি নালা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ডাম্পারের বিকট শব্দে রাতে ঘুমানো দায় হয়ে পড়েছে এবং ক্রমাগত দুর্ঘটনার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এলাকাবাসীকে। প্রতিবাদ জানালে উলটে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নাকের ডগায় এসব ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। গ্রামবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন, কেবল মৌখিক আশ্বাসে তারা শান্ত হবেন না; গ্রামীণ রাস্তায় ভারী যান চলাচল বন্ধ এবং অবৈধ মাটি কারবার রুখতে অবিলম্বে কড়া প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে জনতাকে শান্ত করার চেষ্টা করা হলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।