হাতে পাওয়া বেতন কমলেও বাড়বে রিটায়ারমেন্ট ফান্ড, নতুন ওয়েজ কোডের নিয়মে নিজের স্যালারি ক্যালকুলেট করুন এভাবে

১ এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরু হতেই অনেক কর্মীর মনে প্রশ্ন জেগেছে কেন তাঁদের ইন-হ্যান্ড স্যালারি বা হাতে পাওয়া বেতনের পরিমাণ কমে গেল। আসলে আপনার মোট আয় কমেনি, বরং উপার্জনের বন্টন পদ্ধতিতে বড়সড় বদল এসেছে। নতুন লেবার কোডের নিয়ম অনুযায়ী এখন থেকে ইন-হ্যান্ড স্যালারি কিছুটা কমলেও ভবিষ্যতে আপনার প্রভিডেন্ট ফান্ড বা পিএফ-এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মূলত অবসরের পর কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন ওয়েজ কোড বা শ্রম বিধির প্রধান শর্ত হলো, একজন কর্মচারীর মূল বেতন বা বেসিক স্যালারি অবশ্যই তাঁর মোট বেতনের (সিটিসি) কমপক্ষে ৫০ শতাংশ হতে হবে। এর আগে বহু কো ম্পা নি বেসিক স্যালারি কম রেখে অন্যান্য ভাতা বা অ্যালাওয়েন্স বাড়িয়ে দেখাত। যেহেতু পিএফ এবং গ্র্যাচুইটির অবদান সরাসরি বেসিক স্যালারির ওপর নির্ভর করে, তাই মূল বেতন বাড়ার সঙ্গে সঙ্গেই আপনার পিএফ অ্যাকাউন্টে জমা হওয়া টাকার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে গিয়েছে।
সহজভাবে বলতে গেলে, যদি আপনার মোট বেতন ৫০ হাজার টাকা হয় এবং আগে আপনার বেসিক স্যালারি ছিল ২০ হাজার টাকা, তবে সেই পরিমাণের ওপর পিএফ কাটা হতো। কিন্তু নতুন নিয়মে আপনার বেসিক স্যালারি বেড়ে হবে অন্তত ২৫ হাজার টাকা। স্বাভাবিকভাবেই আপনার বেতনের একটি বড় অংশ এখন পিএফ-এ জমা হবে। এর ফলে মাসে হাতে পাওয়া টাকার পরিমাণ কিছুটা কমলেও দীর্ঘমেয়াদে আপনার সঞ্চয় অনেক বেশি মজবুত হবে।
শুরুতে হাতে পাওয়া টাকা কমে যাওয়াটা অনেকের কাছে উদ্বেগের কারণ মনে হতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি একটি লাভজনক বিনিয়োগ। পিএফ অ্যাকাউন্টে বেশি টাকা জমা হওয়া মানে অবসরের সময় একটি বিশাল অঙ্কের ল্যাম্পসাম অ্যামাউন্ট হাতে পাওয়া। এর পাশাপাশি জমা টাকার ওপর চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়ার সুবিধা তো থাকছেই। এটি আসলে এক ধরণের ‘বাধ্যতামূলক সঞ্চয়’, যা আপনার ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তুলবে।
আপনার নতুন স্যালারি স্ট্রাকচার নিজেই ক্যালকুলেট করতে পারেন। প্রথমে আপনার মোট বেতনের ৫০ শতাংশকে বেসিক স্যালারি হিসেবে ধরুন। এবার সেই অংকের ১২ শতাংশ পিএফ হিসেবে আলাদা করুন। আগের স্যালারি স্লিপের পিএফ কাটার পরিমাণের সঙ্গে এর তুলনা করলেই বুঝতে পারবেন প্রতি মাসে আপনার বাড়তি কত টাকা সঞ্চয় হচ্ছে। বর্তমানের এই সামান্য ত্যাগ আগামী ২০-২৫ বছর পর কয়েক লক্ষ টাকার অতিরিক্ত রিটায়ারমেন্ট ফান্ড উপহার দেবে।