হাদি হত্যা: ভারতে ধৃত খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। সোমবার ঢাকার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত আইজিপি আলি হোসেন ফকির এই তথ্য জানান। তিনি নিশ্চিত করেছেন যে, ধৃত ফয়সাল করিম মাসুদ ও আলমগির হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কাজ চলছে।
পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ভারতের বনগাঁ সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ হাদিকে গুলি করার কথা স্বীকার করেছে। গত ১২ ডিসেম্বর বিজয়নগরে মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তদন্তকারীরা মনে করছেন, খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্র ও বড় কোনো তথ্য বেরিয়ে আসবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনি ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আসামিদের দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। হাদি হত্যার সঠিক বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।