হাদি হত্যা মামলা: বনগাঁ থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি শুটার

বাংলাদেশে চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেন গত তিন মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে পরিচয় গোপন করে আত্মগোপন করেছিল। শনিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধরে গোয়েন্দারা। রবিবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে জানা গেছে, গত ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদিকে গুলি করার পর অভিযুক্তরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে মেঘালয়ে প্রবেশ করে। এরপর উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য ও উত্তরবঙ্গ হয়ে তারা বনগাঁয় ডেরা বাঁধে। এই দীর্ঘ যাত্রাপথে তারা বারবার যানবাহন ও আস্তানা পরিবর্তন করেছিল। বাংলাদেশের গোয়েন্দারা ইতিমধ্যেই ধৃতদের শনাক্ত করেছেন এবং তাদের ভারতে আসার নেপথ্যে থাকা স্থানীয় মদতদাতাদের খোঁজে তল্লাশি চলছে।
ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনাটি আন্তর্জাতিক স্তরেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঢাকার প্রকাশ্য রাস্তায় রিকশায় যাওয়ার সময় তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। শার্প শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগির এই মিশনে সরাসরি যুক্ত ছিল বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা জানার চেষ্টা করছেন, এই দুই পেশাদার খুনিকে ব্যবহার করে নেপথ্যে থেকে কারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল।