হাবড়া ও বারাসাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ সভা, রেকর্ড জমায়েতে শক্তিপ্রদর্শনের প্রস্তুতি তৃণমূলের

হাবড়া ও বারাসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ সভা, রেকর্ড জমায়েতে শক্তিপ্রদর্শনের প্রস্তুতি তৃণমূলের

আগামী ৭ এপ্রিল হাবড়া এবং ১০ এপ্রিল বারাসাতে জোড়া নির্বাচনী জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের ময়দানে পারদ চড়াতে এবং দলীয় সংগঠনকে আরও মজবুত করতেই উত্তর ২৪ পরগনায় এই জোড়া কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। হাবড়ার বাণীপুর মাঠ এবং বারাসাতের কাছারি মাঠে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শন সেরেছেন। নিশ্ছিদ্র নিরাপত্তা ও ভিড় সামলাতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের মূল লক্ষ্য সংগঠনের অভ্যন্তরীণ সংহতি বৃদ্ধি এবং বিরোধীদের পালটা রাজনৈতিক চাপ দেওয়া। হাবড়া ও বারাসাত সংলগ্ন এলাকায় তৃণমূলের শক্ত ঘাঁটি বজায় রাখা এবং গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কর্মীদের ঐক্যবদ্ধ করাই নেত্রীর প্রধান লক্ষ্য। এছাড়া মতুয়া ভোট ব্যাংক ও স্থানীয় উন্নয়নের ইস্যুগুলিকে প্রাধান্য দিয়ে জনমত নিজেদের অনুকূলে টানতে চাইছে শাসকদল। বারাসাতের সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

এই জনসভাগুলি থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সাফল্য তুলে ধরা হতে পারে। একইসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা এবং পাওনা টাকা আটকে রাখার অভিযোগে সরব হবেন তৃণমূল নেত্রী। মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি। হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, নেত্রীর এই দুই সভা ঘাসফুল শিবিরের কর্মীদের মনোবল বহুলাংশে বাড়িয়ে দেবে এবং জনসমর্থনের জোয়ার তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *