হারানো ভোট পুনরুদ্ধারে মরিয়া বামেরা, হেমতাবাদে তৃণমূল-বিজেপির পাল্টাপাল্টি চ্যালেঞ্জ

হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে হারানো জমি ফিরে পেতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বাম শিবির। গত নির্বাচনে সিপিএমের একটি বড় অংশের ভোট বিজেপির ঝুলিতে যাওয়ায় জয় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই ‘রামে যাওয়া’ ভোট বামে ফেরানোই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিপিএম প্রার্থী তনুশ্রী দাসের কাছে। রবিবার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগের সময় তিনি সাধারণ মানুষকে পুনরায় কাস্তে-হাতুড়িতে আস্থা রাখার আহ্বান জানান।
অন্যদিকে, জয়ের ব্যাপারে সমান আত্মবিশ্বাসী বর্তমান বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। রবিবারের ছুটির দিনে শেরপুর ও রামপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার চালান তিনি। সত্যজিতের দাবি, গত পাঁচ বছরে এলাকায় যে উন্নয়নের জোয়ার এসেছে, তার ওপর ভিত্তি করেই মানুষ পুনরায় ঘাসফুল শিবিরে ভোট দেবেন। তৃণমূল নেতৃত্বের মতে, বামেদের ভোট পুনরুদ্ধারের চেষ্টা বর্তমান রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলবে না।
পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের দাবি, বামেদের ওপর আস্থা হারিয়ে মানুষ গতবার তাদের সমর্থন করেছিল এবং এবার সেই সমর্থনের মাত্রা আরও বৃদ্ধি পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক সময়ের বাম দুর্গ হিসেবে পরিচিত হেমতাবাদে এবার ত্রিমুখী লড়াই জমে উঠেছে। একদিকে সিপিএম যখন তাদের পুরনো ভোটব্যাংক গোছাতে ব্যস্ত, তখন তৃণমূল ও বিজেপি নিজ নিজ অবস্থান ধরে রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।