হাসপাতাল থেকে ছুটির আগেই বিপত্তি, নার্সের কাঁচিতে আঙুল বাদ গেল ৬ মাসের শিশুর

বেঙ্গালুরুর ইন্দিরানগরের চিন্ময় মিশন হাসপাতালে চিকিৎসার গাফিলতির এক হাড়হিম করা ঘটনা সামনে এসেছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই বদলে গেল আজীবনের কান্নায়। অভিযোগ, স্যালাইনের চ্যানেল বা আইভি ড্রিপ খোলার সময় নার্সের চরম অসাবধানতায় ৬ মাস বয়সি এক শিশুর বাঁ হাতের কড়ে আঙুলটি কাটা পড়েছে।
বিজয় কুমার নামে ওই শিশুর বাবা জানিয়েছেন, তীব্র জ্বর ও সর্দি নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা চিকিৎসার পর ২৪ ফেব্রুয়ারি বিকেল নাগাদ চিকিৎসক মীনাক্ষী শিশুটিকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। বাড়ি ফেরার জন্য যখন হাসপাতালের বিল মেটানো হচ্ছিল, ঠিক সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
অভিযোগ অনুযায়ী, অনীতা নামে এক নার্স শিশুটির হাত থেকে আইভি ড্রিপ খোলার সময় কাঁচি ব্যবহার করেন। সেই সময়ই অসাবধানতাবশত শিশুর কচি আঙুলটি কেটে বাদ চলে যায়। যন্ত্রণায় চিৎকার করে ওঠে শিশুটি। তড়িঘড়ি তাকে জরুরি বিভাগে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করা হলেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসক এবং ওই নার্সের বিরুদ্ধে ইন্দিরানগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শিশুর পরিবার জানিয়েছে, সামান্য গাফিলতির জেরে তাঁদের সন্তানের এই অপূরণীয় ক্ষতির বিচার চান তাঁরা। বর্তমানে মামলাটি মায়োহলের দশম অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারাধীন।