হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব ও সম্পত্তি নিয়ে কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ

আসাম বিধানসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল কংগ্রেস। রবিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে দলীয় মুখপাত্র পবন খেরা দাবি করেন, রিনিকির নামে সংযুক্ত আরব আমিরশাহি, মিশর এবং অ্যান্টিগা-বারবুডার বৈধ পাসপোর্ট রয়েছে। ভারতে দ্বৈত নাগরিকত্বের বিধান না থাকলেও কী করে তাঁর তিনটি পাসপোর্ট আছে, সেই প্রশ্ন তুলে রিনিকির ভারতীয় নাগরিকত্ব নিয়েই সংশয় প্রকাশ করেছে কংগ্রেস।
পবন খেরা আরও অভিযোগ করেন, আমেরিকার ওয়াইয়োমিং প্রদেশে হিমন্ত পরিবারের প্রায় ৫৩ হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে, যা নির্বাচনী হলফনামায় গোপন করা হয়েছে। বিপুল এই কর ফাঁকি ও তথ্য গোপনের অভিযোগে মুখ্যমন্ত্রীর মনোনয়ন বাতিল এবং তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস। একইসঙ্গে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ ও বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের দাবি জানানো হয়েছে।
পাল্টা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি পবন খেরার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে মানহানির মামলা করার এবং তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচনী উত্তাপ বাড়িয়ে হিমন্ত দাবি করেন, এই অপপ্রচারে কোনো কাজ হবে না এবং আসন্ন নির্বাচনে আসামের ১০০টিরও বেশি আসনে জয়লাভ করবে বিজেপি।