হিমালয়ের কোলে মিলল জোড়া নয়া মথের হদিশ দূষণ রোধে দিশা দেখাবে এই পতঙ্গ

হিমালয়ের কোলে মিলল জোড়া নয়া মথের হদিশ দূষণ রোধে দিশা দেখাবে এই পতঙ্গ

সিকিমের গোলিতার এবং পশ্চিমবঙ্গের জলঝোড়া থেকে লিচেন মথের দুটি নতুন প্রজাতি আবিষ্কার করলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা। একই সঙ্গে ভারতীয় হিমালয় অঞ্চলে আরও সাতটি এমন লিচেন মথের সন্ধান মিলেছে, যাদের উপস্থিতি এর আগে এ দেশে জানা ছিল না।

বিজ্ঞানীরা এই নতুন প্রজাতির মথ দুটির নামকরণ করেছেন ‘কলোসেরা হলোওয়াই এস সিং, এন সিং অ্যান্ড ভট্টাচার্য ২০২৬’ এবং ‘অসুরা বক্সা ভট্টাচার্য, এস সিং, এন সিং ২০২৬’। গবেষকদের মতে, এই মথগুলি পরিবেশের বায়ুদূষণের অন্যতম সূচক হিসেবে কাজ করে। এদের শুঁয়োপোকা মূলত নির্দিষ্ট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে, তাই দূষণ বাড়লে এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যান্য লিচেন মথের তুলনায় এই নতুন প্রজাতির দুটির দেহের গঠন ও শুঁড় সম্পূর্ণ আলাদা, যা এদের স্বতন্ত্র স্বীকৃতি এনে দিয়েছে।

আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ‘জুট্যাক্সা’-তে এই আবিষ্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। জেডএসআই-এর অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় জানান, লেপিডপটেরা গোত্রের মতো কম পরিচিত পতঙ্গের বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হিমালয়ের জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলে নিয়মিত অনুসন্ধানের ফলেই এই সাফল্য মিলেছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *