হুগলিতে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের, ধ্বংস বিপুল ফসল

হুগলি জেলার পোলবায় বেআইনি পোস্ত চাষ রুখতে বড়সড় অভিযান চালাল জেলা গ্রামীণ পুলিশ ও পোলবা থানার বিশেষ দল। গোপন সূত্রে খবর পেয়ে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর গ্রামে হানা দেন তদন্তকারীরা। সেখানে কৃষি জমিতে প্রশাসনের অনুমতি ছাড়াই আইন বহির্ভূতভাবে পোস্ত চাষ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পুলিশের উপস্থিতিতে সেই সমস্ত অবৈধ চাষের ফসল পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে।
নারকোটিক আইন অনুযায়ী ভারতে পোস্ত চাষ দণ্ডনীয় অপরাধ। এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (D&T) প্রিয়ব্রত বক্সী জানান, যথাযথ আইনি নিয়ম মেনেই এই অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক সংক্রান্ত অবৈধ কার্যকলাপ রুখতে পুলিশ প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে। সরকারি বিধিনিষেধ অমান্য করে যারা এই চাষের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযান শেষে পুলিশ সংশ্লিষ্ট জমির মালিকদের পরিচয় নিশ্চিত করতে ভূমি দপ্তরের রেকর্ডের সাহায্য নিচ্ছে। চাষের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জেলাজুড়ে যাতে পুনরায় এ ধরনের বেআইনি চাষ না হয়, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করার পাশাপাশি পুলিশি টহলদারি আরও জোরদার করা হয়েছে।