হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি’কে স্বীকৃতির সুপারিশ করল সিইও দফতর

রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দল ‘জনতা উন্নয়ন পার্টি’র নিবন্ধনের প্রক্রিয়া গতি পেয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সমস্ত নথিপত্র যাচাইয়ের পর দলটিকে স্বীকৃতির জন্য দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের কাছে সুপারিশ পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, আগামী ১৫ দিনের মধ্যে এই আবেদন মঞ্জুর হতে পারে।
নিবন্ধন সম্পন্ন হলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন। মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগে দলবিরোধী কাজের জন্য বহিষ্কৃত হওয়া এই নেতা নতুন দলের ইস্তাহার প্রকাশ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ও উন্নয়নের বার্তাকে হাতিয়ার করেছেন।
রাজনৈতিক মহলে চর্চিত এই নতুন দলের পতাকায় থাকছে হলুদ, সবুজ ও সাদা রঙ। দলীয় প্রতীক হিসেবে হুমায়ুনের প্রথম পছন্দ ‘টেবিল’, তবে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’-এর কথাও ভেবে রেখেছেন তিনি। কংগ্রেস ও তৃণমূল ত্যাগী এই নেতার রাজনৈতিক পদক্ষেপ আগামী নির্বাচনে সমীকরণ কতটা পরিবর্তন করে, এখন সেটাই দেখার।