হেলিকপ্টার থেকে ড্রোন ছুড়ে শত্রুর ঘুম ওড়াবে বায়ুসেনা, শুরু হচ্ছে দেশীয় প্রযুক্তি মিশন বায়ু বাণ

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল ভারতীয় বায়ুসেনা। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ড্রোন প্রকল্প ‘বায়ু বাণ’-এর কাজ শুরু করেছে বায়ুসেনার এরোস্পেস ডিজাইন ডিরেক্টরেট। এই দেশীয় ‘এয়ার-লঞ্চড-এফেক্টস’ কর্মসূচির অধীনে হেলিকপ্টার থেকে ছোট ও স্বয়ংক্রিয় কামিকাজে ড্রোন মোতায়েন করা হবে। এর ফলে আমেরিকা ও চিনের মতো হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় নাম লেখাতে চলেছে ভারত।
বিশেষভাবে নকশা করা এই ড্রোনগুলি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং জিপিএস জ্যাম করা থাকলেও অনায়াসেই কাজ করবে। প্রায় ৫০ কিলোমিটার পাল্লার এই ড্রোন রিয়েল-টাইম ভিডিও পাঠাতে পারবে এবং প্রয়োজনে নিখুঁত আঘাত হানতে নিজস্ব ওয়ারহেড ব্যবহার করবে। প্রাথমিক পর্যায়ে ১০টি ড্রোন ইউনিট মোতায়েনের পরিকল্পনা রয়েছে এবং আগামী এক বছরের মধ্যে এই উচ্চাভিলাষী প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় বায়ুসেনা।