হোয়াইট হাউসের সামনে ট্রাম্প-এপস্টেইনের বিতর্কিত মূর্তি, তুঙ্গে রাজনৈতিক তরজা

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সন্নিকটে ডোনাল্ড ট্রাম্প ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের একটি বিতর্কিত মূর্তি স্থাপন করা হয়েছে। ‘টাইটানিক’ চলচ্চিত্রের জনপ্রিয় ভঙ্গিমায় নির্মিত এই মূর্তিতে দুজনকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ‘দ্য সিক্রেট হ্যান্ডশেক’ নামক একটি অজ্ঞাত সংগঠন এই মূর্তিটি তৈরি করেছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল।
মূর্তিটির নিচে একটি পোস্টারে ট্রাম্প ও এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে সেটিকে ‘বিলাসী সফর ও গোপন পার্টি’র বন্ধুত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া মূর্তির পেছনে ট্রাম্পের নির্বাচনী স্লোগানকে ব্যঙ্গ করে লেখা হয়েছে ‘মেক আমেরিকা ফেক এগেইন’। এই স্মারকটি মূলত ২০০৩ সালে এপস্টেইনের জন্মদিনে ট্রাম্পের পাঠানো একটি বিতর্কিত চিঠি ও তাঁদের অতীত সম্পর্ককে কটাক্ষ করে নির্মিত।
এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও ট্রাম্পের দাবি, এপস্টেইনের সঙ্গে তাঁর পরিচয় থাকলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। হোয়াইট হাউসের সামনে এমন ব্যঙ্গাত্মক মূর্তি স্থাপন প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তবে এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো মন্তব্য করা হয়নি।