হোরমুজ প্রণালীতে মৃত্যু কেবল ভারতীয়দেরই, ব্রিটেন সফরে ইরানের সংকট নিয়ে সরব ভারত

হোরমুজ প্রণালীতে মৃত্যু কেবল ভারতীয়দেরই, ব্রিটেন সফরে ইরানের সংকট নিয়ে সরব ভারত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হোরমুজ প্রণালী’ অবিলম্বে স্বাভাবিক করার দাবি জানাল ভারত। সম্প্রতি ব্রিটেনে আয়োজিত এক বহুপাক্ষিক সম্মেলনে যোগ দিয়ে ভারত এই সংকটে জানমালের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। ভারত স্পষ্ট জানিয়েছে, এই উত্তপ্ত পরিস্থিতির জেরে হোরমুজ প্রণালীতে প্রাণ হারানো নাগরিকদের মধ্যে ভারতই একমাত্র দেশ।

ব্রিটেন সরকারের আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক পথ সুরক্ষিত রাখা জরুরি। পশ্চিম এশিয়ায় অস্থিরতা বৃদ্ধির ফলে ভারতের জ্বালানি ও সামুদ্রিক নিরাপত্তা সরাসরি বিঘ্নিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে হোরমুজ প্রণালীতে নৌ-চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, যা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

শিপিং ডিরেক্টরেট জেনারেলের তথ্য অনুযায়ী, বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত অন্তত তিনজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং একজন আহত হয়েছেন। সামগ্রিকভাবে এই যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত আটজন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। তবে গালফ দেশগুলোতে থাকা প্রায় এক কোটি ভারতীয় বর্তমানে নিরাপদ রয়েছেন বলে আশ্বস্ত করেছে বিদেশ মন্ত্রক। ইতিমধ্যে আজারবাইজান সীমান্ত দিয়ে ইরান থেকে ২০৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনে উদ্ধারকাজ আরও চালানো হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *