হোরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে আরও এক এলপিজি জাহাজ গ্রিন আশা

ইরানের ওপর সাম্প্রতিক হামলার জেরে উত্তপ্ত হয়ে ওঠা হোরমুজ প্রণালীর বিপজ্জনক জলসীমা পেরিয়ে অবশেষে ভারতের পথে রওনা দিল আরও একটি এলপিজি ক্যারিয়ার ‘গ্রিন আশা’। রবিবার জাহাজটি সফলভাবে এই আন্তর্জাতিক জলপথ অতিক্রম করেছে। বর্তমানে ওই সংঘাতপূর্ণ এলাকায় ভারতের মাত্র একটি জাহাজ ‘জগ বিক্রম’ আটকে রয়েছে, যা এখন নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছে।
ডাইরেক্টরেট জেনারেল অফ শিপিংয়ের তথ্য অনুযায়ী, ৩ এপ্রিল ‘গ্রিন সানভী’ নামক জাহাজটি সফলভাবে হোরমুজ প্রণালী পার হওয়ার পর রবিবার ‘গ্রিন আশা’-ও সেই পথ অনুসরণ করল। বর্তমানে ‘জগ বিক্রম’ নামের এলপিজি জাহাজটি ভারতীয় নৌসেনার নির্দেশের অপেক্ষায় রয়েছে। এর আগে আরও দুটি এলপিজি ট্যাঙ্কার এই সংকটজনক এলাকা পেরিয়ে নিরাপদে ভারতে পৌঁছেছে।
আগামী ৭ এপ্রিল প্রায় ৪৬,৬৫৫ মেট্রিক টন এলপিজি নিয়ে ‘গ্রিন সানভী’ গুজরাটের ভারুচ জেলার দহেজ বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, মুম্বাই বন্দরে অবস্থানরত এলপিজি ক্যারিয়ার ‘বিডব্লিউ টিওয়াইআর’ বর্তমানে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের কাজ চালাচ্ছে। পাশাপাশি ৪ এপ্রিল ‘বিডব্লিউ ইএলএম’ জাহাজটিকে চেন্নাইয়ের এন্নোর বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিগত সপ্তাহে ৪৭,৬১২ মেট্রিক টন এলপিজি নিয়ে ‘জগ বসন্ত’ গুজরাটের কান্ডলা বন্দরে এবং ৪৫,০০০ মেট্রিক টন এলপিজি নিয়ে ‘পাইন গ্যাস’ নিউ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছেছে। শিপিং মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পারস্য উপসাগর, ওমান উপসাগর, এডেন উপসাগর এবং লোহিত সাগরে বেশ কিছু ভারতীয় জাহাজ অবস্থান করছে, যার মধ্যে পাঁচটি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার।
বর্তমানে পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ৫২৮ জন নাবিক সরাসরি ভারতীয় পতাকাবাহী জাহাজে রয়েছেন। ৫ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন শিপিং সংস্থার পক্ষ থেকে ১,৪৭৯ জন নাবিককে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই জাহাজগুলোর সফল প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।