১০০০ কিলোমিটার দীর্ঘ মেঘের চাদরে ঢাকা পড়ল ভারতসহ ৩ দেশ! ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ

আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত বিস্তৃত বিশাল এক মেঘের চাদর ঢেকে ফেলেছে আকাশ। বিরল এই প্রাকৃতিক ঘটনায় চরম বিপদের মুখে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার তিন দেশ। আবহাওয়াবিদদের মতে, প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ এই মেঘপুঞ্জ অত্যন্ত শক্তিশালী এবং এর প্রভাবে ভারতজুড়ে শুরু হয়েছে আবহাওয়া ওলটপালট।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। দিল্লির আকাশেও ঘন মেঘের আনাগোনা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তর পাকিস্তানের ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
সাধারণত শীতের শেষে এই ধরনের ঝঞ্ঝার দাপট কমে আসে। কিন্তু মার্চের শেষে এসেও এমন বিশাল আকারের মেঘের সরলরৈখিক গঠন বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলছে। ১০০০ কিলোমিটার লম্বা এই নিম্নচাপ বলয়কে কার্যত বিরল বলে উল্লেখ করছেন আবহাওয়াবিদেরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রকৃতির এই খামখেয়ালি আচরণ বাড়ছে বলে মনে করা হচ্ছে। এই বিশালাকার মেঘপুঞ্জ ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালাতে শুরু করেছে, যা আগামী কয়েকদিন জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলতে পারে।