১০০ গুণ জুম আর টেন্সর জি৬ চিপসেট নিয়ে আসছে গুগল পিক্সেল ১১

স্মার্টফোন দুনিয়ায় বড়সড় চমক দিতে চলেছে গুগল। তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ ‘গুগল পিক্সেল ১১’ নিয়ে ফাঁস হয়েছে একাধিক রোমাঞ্চকর তথ্য। উন্নত ক্যামেরা, নতুন প্রসেসর এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এই ফোনটি বাজারের সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে বড় চমক থাকছে এর ক্যামেরায়। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, পিক্সেল ১১ সিরিজে ১০০এক্স জুম সাপোর্ট থাকতে পারে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে দুটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে, যা লো-লাইট ফটোগ্রাফি এবং ভিডিওর মানকে পেশাদার পর্যায়ে নিয়ে যাবে। এর পাশাপাশি উন্নত ‘সিনেমেটিক ব্লর’ এবং ৪কে ভিডিও রেকর্ডিং ফিচার ব্যবহারকারীদের আকর্ষণ করবে।
পারফরম্যান্সের জন্য এতে গুগলের নিজস্ব ‘টেন্সর জি৬’ প্রসেসর ব্যবহার করা হতে পারে। থাকছে ৬.৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৩০০০ নিটস পর্যন্ত হতে পারে। স্লিম বডি এবং পাতলা বেজেলের কারণে ফোনটি দেখতে আরও আধুনিক ও প্রিমিয়াম হবে।
ভারতে এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৮০,০০০ থেকে ৮৫,০০০ টাকার মধ্যে হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের আগস্টের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারের পাশাপাশি ভারতেও পিক্সেল ১১ সিরিজ পা রাখবে।