১০ দিনেরও কম তেল মজুত ভারতে! সংকটের মুখে কি দেশ?

দেশের আপৎকালীন ভাণ্ডারে ফুরিয়ে আসছে জ্বালানি তেল। পেট্রোলিয়াম মন্ত্রকের পেশ করা সাম্প্রতিক আরটিআই (RTI) রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজ্যসভায় দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর (SPR) কর্মসূচির অধীনে থাকা ভাণ্ডারগুলোতে ১০ দিনেরও কম সময়ের জন্য অপরিশোধিত তেল মজুত রয়েছে।
বর্তমানে বিশাখাপত্তনম, ম্যাঙ্গালুরু এবং পদুর—এই তিনটি স্থানে মোট ৫.৩৩ মিলিয়ন মেট্রিক টন তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে ভারতের। তবে বর্তমানে সেখানে মজুত রয়েছে প্রায় ৩.৩৭২ মিলিয়ন মেট্রিক টন, যা মোট ক্ষমতার মাত্র ৬৪ শতাংশ। এই মজুত তেলের পরিমাণ ব্যবহার ও আমদানির ওপর নির্ভর করে প্রতিনিয়ত পরিবর্তন হয়।
ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ওড়িশার চণ্ডীখোল এবং কর্নাটকের পদুরে আরও দুটি নতুন ভাণ্ডার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভারতের তেল সংরক্ষণের ক্ষমতা আরও ৬.৫ মিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি পাবে। তবে বর্তমান মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে।