১০ লাখ মানুষের নাম গায়েব! SIR লিস্ট নিয়ে মমতার বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের দিনেই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর জেলাকে লক্ষ্য করা হয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, “আমি শুনেছি প্রায় ১০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আপনারা ক্রস চেক করে দেখুন।” তাঁর অভিযোগের তির মূলত নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের দিকে। মমতা বলেন, “হিন্দু, রাজবংশী এবং মতুয়া—অনেকের নামই বাদ গিয়েছে। বেছে বেছে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে।” তালিকা তৈরিতে ব্যাপক অসঙ্গতি রয়েছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, বিজেপি কি তবে পার্টি অফিস থেকে এই তালিকা ঠিক করছে?
এদিন সংবাদ সম্মেলনে মমতা আরও জানান, ৫৮ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষ পর্যন্ত মানুষের নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। ভোটার তালিকা সংশোধনের এই দীর্ঘসূত্রতা নিয়ে সরব হয়ে তিনি বলেন, “২২ লক্ষ নাম যাচাই করতে যদি ১৫-২০ দিন সময় লাগে, তবে ভোট আসার আগে কি এই প্রক্রিয়া শেষ হবে?” গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে দাবি করে তৃণমূল নেত্রী সাফ জানান, কলকাতা থেকে দিল্লি—সর্বত্র এই অবিচারের বিরুদ্ধে তাঁরা সরব হয়েছেন।
একইসঙ্গে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিপুল সংখ্যক জওয়ান পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সব মিলিয়ে ভোটের মুখে সাপ্লিমেন্টারি লিস্ট ইস্যুকে কেন্দ্র করে ফের সরগরম বাংলার রাজনৈতিক মহল।