১২ কিমি দৌড়ে অভিষেকের সভায় কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী রামজীবন

১২ কিমি দৌড়ে অভিষেকের সভায় কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী রামজীবন

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় যোগ দিতে অভিনব পথ বেছে নিলেন কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রামজীবন মান্ডি। বুধবার সকালে দলীয় কার্যালয় থেকে প্রায় সাড়ে ১২ কিলোমিটার পথ দৌড়ে সভাস্থলে পৌঁছান ৫৫ বছর বয়সী এই প্রার্থী। তাঁর এই ভিন্নধর্মী প্রচারকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে।

পেশায় শিক্ষক রামজীবনবাবু দীর্ঘকাল খেলাধুলার সঙ্গে যুক্ত। জগিং কস্টিউম পরে হাইরোড দিয়ে তাঁর এই দৌড়ের পিছনে ছিল অনুগামীদের বিশাল এক বাইক মিছিল। গত মাসেই একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া এই প্রার্থী ভোট প্রচারের কৌশল হিসেবে শারীরিক কসরতকেই হাতিয়ার করেছেন। তাঁর মতে, এর মাধ্যমে যেমন শরীরচর্চা হয়েছে, তেমনই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সেরে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কেশিয়াড়িতে দুবারের জয়ী বিধায়ক পরেশ মুর্মুর পরিবর্তে রামজীবন মান্ডিকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দলের ‘ফিট’ প্রার্থীর এই দৌড় ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। ‘নজরে নবান্ন’ প্রচারের আবহে প্রার্থীর এমন সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *